Apan Desh | আপন দেশ

দ্রুত বাড়বে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ২১ জুন ২০২৬

দ্রুত বাড়বে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

ফাইল ছবি, আপন দেশ

আগামী ১০ দিনে দেশের বিভিন্ন বন্যাপ্রবণ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

একই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (২১ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানায়, আগামী ১০ দিনে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী সাত দিনের মধ্যে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়া নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার ডুলাই, কংস ও সোমেশ্বরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। 

আরও পড়ুন<<>>জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যদিকে, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানির স্তর আগামী সাত দিনে সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, ভারতীয় আবহাওয়া অধিদফতর এবং বিভিন্ন বৈশ্বিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২১ থেকে ২৮ জুন অথবা এর কাছাকাছি সময়ে বাংলাদেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাউবো জানায়, গত সাত দিনেও এসব এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী ১০ দিনেও উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে স্থানভেদে সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়