ছবি : আপন দেশ
কম শুল্কের পণ্যের আড়ালে আনা হচ্ছে উচ্চ শুল্কের নানা পণ্য। টুথপিক, পাওয়ার স্প্রেয়ার মেশিনের ঘোষণা দিয়ে আনা হয়েছে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু ও বিয়ারিং।
এভাবে পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছেন কয়েকটি প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। চট্টগ্রাম বন্দরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টমস হাউসের যৌথ অভিযানে এমন আটটি ঘটনায় শুল্ক ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে।
এনবিআরের শনিবারের (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে শনাক্ত হওয়া ঘটনাগুলোতে আমদানিকারক ও সংশ্লিষ্ট ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সিআইসির হিসাব অনুযায়ী, পৃথক চালানে ঘোষণার বাইরে পণ্য আমদানি করে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে। এর মধ্যে পাওয়ার স্প্রেয়ার মেশিনের আড়ালে প্রসাধনী ও স্টেজ লাইট আমদানিতে আনুমানিক আড়াই কোটি টাকা। টুথপিকের চালানে নিষিদ্ধ ক্রিমসহ বিভিন্ন পণ্য আমদানিতে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।
প্রসাধনী ও নিষিদ্ধ পণ্য আমদানি:
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার নিউ মার্কেটের ফরচুন গ্লোবাল ট্রেডিং চীন থেকে ১১ হাজার ৯৫৬ কেজি পাওয়ার স্প্রেয়ার মেশিন আমদানির ঘোষণা দেয়। তবে কন্টেইনার খুলে দেখা যায়, তাতে স্টেজ লাইট, ফেস ক্রিম, সান ক্রিম, পিলিং জেল, সিরাম, এলইডি লাইট, সানগ্লাস ও শ্যাম্পুসহ বিভিন্ন পণ্য রয়েছে। ঘোষণার চেয়ে প্রায় ১ হাজার ৮১৭ কেজি অতিরিক্ত পণ্যও পাওয়া যায়। এ ঘটনায় আনুমানিক আড়াই কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে।
পুরান ঢাকার চকবাজারের কাফ কর্পোরেশনের একটি চালানে সাড়ে ২২ টন টুথপিক আমদানির ঘোষণা দেয়া হলেও প্রকৃতপক্ষে পাওয়া যায় মাত্র ১ হাজার ৬২০ কেজি। বাকি পণ্যের জায়গায় ছিল পাকিস্তানের গোরি বিউটি ক্রিম, ফেস ক্রিম, সান ক্রিম, অ্যান্টি-এজিং জেল, হেয়ার রিমুভার স্প্রে, সানগ্লাস ও যৌন উত্তেজক ডিলে স্প্রে। চালানটিতে আনুমানিক ২ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পণ্যের মধ্যে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিমও ছিল।
যন্ত্রাংশ ও শিল্পপণ্যের ঘোষণায় জালিয়াতি:
ঢাকার এইচ আর এন্টারপ্রাইজ থাইল্যান্ড থেকে ১৬ হাজার ৪০ কেজি ইঞ্জিন রবার বুশ আমদানির ঘোষণা দেয়। কিন্তু পরীক্ষায় প্রকৃত রবার বুশ পাওয়া যায় ৬ হাজার ৬২৫ কেজি। বাকি পণ্যের মধ্যে ছিল ইঞ্জিন মাউন্টিং, সাসপেনশন বুশ, আর্ম বুশ, সেন্টার বিয়ারিং ও স্টিয়ারিংয়ের মতো গাড়ির যন্ত্রাংশ। এ ঘটনায় আনুমানিক ৪৪ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে সিআইসি।
নিউ ট্রাস্ট ট্রেডার্স চীন থেকে ২৩ হাজার ৬১৮ কেজি হিট ট্রান্সফার পেপার আমদানির ঘোষণা দিলেও কায়িক পরীক্ষায় পাওয়া যায় মাত্র ৩ হাজার ১৬০ কেজি পেপার। বাকি প্রায় ২১ হাজার ৪৬৭ কেজি ছিল পিভিসি ফ্লেক্স ব্যানার। এ ঘটনায় আনুমানিক ৪০ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন <<>> শনিবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ
এছাড়া মোহাম্মাদীয়া ট্রেড ২২ টন স্টেইনলেস স্টিল সার্কেল ও এক্সকাভেটর গিয়ারের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে ২২ হাজার ১১৩ কেজি নাট, বল্টু ও স্ক্রু আনে। এ ঘটনায় আনুমানিক ৩২ লাখ টাকা রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, নিউ রনি এন্টারপ্রাইজের চালানে ১৭ হাজার ৫৯২ কেজি নাট-বল্টু, ২ হাজার ৭৮৭ কেজি রোলিং বিয়ারিং এবং ২ হাজার ৩৩৬ কেজি গ্যাস লিফট সিলিন্ডার পাওয়া যায়। এতে আনুমানিক ৪২ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে এনবিআর।
কাস্টমসের সিল বদলে কন্টেইনার সরানোর চেষ্টা:
শুল্ক ফাঁকির পাশাপাশি কাস্টমসের নজরদারি এড়াতে কন্টেইনারের সিল পরিবর্তন ও নথিপত্র জালিয়াতির চেষ্টার তথ্যও উঠে এসেছে অভিযানে।
এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কাফ কর্পোরেশনের আরেকটি কন্টেইনার শুল্ক ফাঁকির তথ্যের ভিত্তিতে এএসওয়াইসিইউডিএ (ASYCUDA World) ব্যবস্থায় লক করা হয়েছিল। কিন্তু নির্ধারিত কায়িক পরীক্ষার আগেই গত ১৯ সেপ্টেম্বর কন্টেইনারটি অবৈধভাবে সরানোর চেষ্টা করা হয়।
এসময় বিল অব লেডিংয়ে উল্লেখ করা মূল সিল ভেঙে অন্য সিল লাগানো হয়। বদলি হওয়া কর্মকর্তাদের স্বাক্ষর জাল করার অভিযোগও পাওয়া গেছে। পরে কন্টেইনারটি জব্দ করে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়।
এনবিআর বলেছে, ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব অনিয়ম শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা ও দেশীয় শিল্পের স্বার্থে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/কেএম/এসএস
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































