ছবি: আপন দেশ
পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলেও তিনি জানান।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে এমন কিছু প্রকল্প নেয়া হবে যেখানে এ পার্বত্যবাসীর সকলের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বৈষম্যহীনভাবে সুবিধাভোগ করতে পারেন। সবচেয়ে সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীল হওয়া, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সুপেয় পানির ব্যবস্থা করা, ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো এবং স্যানিটাইজেশন ব্যবস্থাকে স্বাস্থ্যসম্মত করাসহ বিভিন্ন কৃষি উন্নয়নে কাজ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার অধিবাসী বা উপজাতি সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করলে সবার জন্য কাজ করতে সুবিধা হয়।
আরও পড়ুন<<>>ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় প্রধানমন্ত্রী এ তিনটি অঞ্চলকে (পার্বত্য অঞ্চল) অত্যন্ত বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এ অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের সদস্যগণ এবং পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলার ৪৭ টি মন্দিরকে ২৪ লাখ ৯১ হাজার টাকা বিতরণ করেন। এরপর মন্ত্রী জেলা শহরের প্রাচীন কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশ নেন। সেখানে রাঙামাটি ২৯৯ আসনের এমপি অ্যাড. দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি নিয়ে কথা বলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































