Apan Desh | আপন দেশ

অফিসার্স ক্লাব থেকে রক্তাক্ত সাবেক সচিব উদ্ধার, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:১০, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:৩৮, ১৭ অক্টোবর ২০২৬

অফিসার্স ক্লাব থেকে রক্তাক্ত সাবেক সচিব উদ্ধার, হাসপাতালে মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে হাসপাতালে মারা যান তিনি। রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনটির ভেতরে যান। বেলা ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ওসি ইয়াছিন মিয়া বলেন, অফিসার্স ক্লাবের সিসিটিভিতে দেখা গেছে, তিনি বারবার ওপরে উঠছিলেন আর নিচে নামছিলেন। হয়ত পথ খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে বেজমেন্ট ১–এর ফাঁকা জায়গা থেকে তিনি নিচে পড়ে যান। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন<<>>ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসি বলেন, মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তার স্ত্রী আগেই মারা গেছেন। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে। তিনি রাজধানীর বনানীর ৫ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করতেন। তার বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার দেওভুনা গ্রামে।’

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে কম দেখতেন। ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। সেখানে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি।

ডিসি জাহিদুল বলেন, এ বিষয়ে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়