ফাইল ছবি, আপন দেশ
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
একই সঙ্গে এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বরও তিনি হামলার শিকার হন। তিনি স্থানীয় অপরাধ, মাদক কারবার, চোরাচালান, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে তার পূর্ববর্তী হামলা ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র রয়েছে কিনা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
আরও পড়ুন<<>>সাংবাদিক আলিফকে হত্যার ঘটনায় মামলা দায়ের
এইচআরএসএস মনে করে, সাংবাদিকের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনা একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। এটি গণমাধ্যমের স্বাধীনতা, জননিরাপত্তা, আইনের শাসন এবং গণতান্ত্রিক জবাবদিহির ওপরও গুরুতর আঘাত। বিশেষ করে, পূর্ববর্তী হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ বা নিরাপত্তার আবেদন করা হয়ে থাকলে, সে বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি। সম্ভাব্য হুমকির তথ্য কর্তৃপক্ষের জানা থাকা সত্ত্বেও যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































