ছবি: আপন দেশ
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসব পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজা পরিদর্শন শেষে রিজভী মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মানুষের ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও দুর্গোৎসবের আনন্দ সবাইকে এক করে। তিনি বলেন, যে কোনো উৎসব সাম্প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। প্রতিটি উৎসবই মানুষকে বিভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলিত হতে এবং ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হতে শেখায়। এটাই উৎসবের মর্মবাণী, এটাই উৎসবের মূলমন্ত্র।
শৈশবের স্মৃতিচারণ করে রিজভী বলেন, কার্তিকের নবান্নের দেশে দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের পূজা হয়ে থাকে না; এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়। মানুষের ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু উৎসবের আনন্দ সবাইকে এক করে।
আরও পড়ুন <> শিশু হাসপাতালে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি বলেন, আমার এখনো মনে আছে, ছোটবেলায় আমাদের বাড়ির পাশে দুর্গাপূজার মেলা হতো। সেই মেলাকে ঘিরে কত আনন্দ, কত রঙিন বেলুন, খেলনা পিস্তল, কত ধরনের মিষ্টান্ন! সেই আনন্দের জন্য প্রতিবছর এ সময়টার অপেক্ষা করতাম-কবে আসবে দুর্গাপূজা।
রিজভী বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি শুধু তাদের একার উৎসব নয়। এ উৎসবের আনন্দ ও অংশীদারত্বের মধ্যে অন্য সম্প্রদায়ের মানুষও রয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে এক মাস আগে থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি দলকে নির্দেশ দিয়েছেন এবং সরকারপ্রধান হিসেবে প্রশাসনের প্রতিটি স্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতার সুযোগ তৈরি না হয়।
রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকেও জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং জেলায় জেলায় কমিটি করা হয়েছে।
আরও পড়ুন <> কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬
দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনদিনের ছুটি চেয়েছিলেন। সরকার সেখানে পাঁচদিনের ছুটির ব্যবস্থা করেছে। মন্দিরপ্রতি ৫০০ কেজি চাল বরাদ্দ থাকলেও সরকার ৬০০ কেজি করে চাল দিয়েছে।
এছাড়া, এখন থেকে প্রতিটি মন্দির মাসে আট হাজার টাকা করে পাবে এবং পুরোহিতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































