ছবি: আপন দেশ
রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি ডিজিটাল স্কেলের গোডাউনে আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (০১ জুন) বেলা ১১টার দিকে নবাবপুরের টেকেরহাট এলাকার এমআর এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. মিরাজ (২৫), ইফাদ (২০) এবং রকি (২৬)।
দগ্ধ মিরাজ জানান, ঈদের ছুটির পর সোমবার প্রথমবারের মতো তারা দোকান খুলতে যান। গোডাউনে প্রবেশ করে বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
তাদের ধারণা, কয়েক দিন গোডাউন বন্ধ থাকায় ভেতরে দাহ্য গ্যাস জমে থাকতে পারে। সুইচ চালুর পর সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আরও পড়ুন <<>> মিরপুরের কালশী বস্তিতে আগুন, ছড়িয়ে পড়ছে আশেপাশে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাদের ২৫ শতাংশ এবং রকির ২৩ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, মিরাজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর ইফাদ ও রকিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































