Apan Desh | আপন দেশ

‘শুধু চাকরি নয়, তরুণদের ভবিষ্যৎ গড়তে দরকার শিল্পায়ন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ১১ মে ২০২৬

‘শুধু চাকরি নয়, তরুণদের ভবিষ্যৎ গড়তে দরকার শিল্পায়ন’

ছবি : আপন দেশ

লালমনিরহাটের উর্বর জমি, পরিশ্রমী মানুষ এবং বিপুল তরুণশক্তিকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলকে নতুন অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ‘শুধু চাকরি নয়, তরুণদের ভবিষ্যৎ গড়তে দরকার শিল্পায়ন।’

সোমবার (১১ মে) লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে শুধু প্রচলিত চাকরির সুযোগ যথেষ্ট নয়; প্রয়োজন ব্যাপক শিল্পায়ন, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পের প্রসার।’

তিনি বলেন, ‘লালমনিরহাটের মাটি অত্যন্ত উর্বর। এখানে ধান, ভুট্টা ও আলুর ব্যাপক উৎপাদন হয়। এ কৃষিসম্পদকে ঘিরে শিল্পকারখানা গড়ে উঠলে স্থানীয় অর্থনীতি বদলে যাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর তরুণরা নিজেদের এলাকাতেই স্বপ্ন গড়তে পারবে।’

মন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলের কৃষিপণ্যকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও উৎপাদনমুখী শিল্প স্থাপন এখন সময়ের দাবি।’ 

শিল্পোদ্যোক্তাদের এ অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিল্পায়নই পারে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে।’

অনুষ্ঠানে বলা হয়, মন্ত্রীর উদ্যোগ ও আগ্রহে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল এ চাকরি মেলার আয়োজন করেছে। যেখানে লালমনিরহাটের দক্ষ ও অদক্ষ মিলিয়ে এক হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক বলেন, ‘লালমনিরহাটের তরুণরা সম্ভাবনায় ভরপুর। সঠিক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও শিল্পায়নের সুযোগ তৈরি করা গেলে এ জেলার যুবশক্তিই আগামী দিনের অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি হতে পারে। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

স্থানীয় তরুণদের কাছে এ চাকরির মেলা শুধু চাকরি পাওয়ার সুযোগ নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার। অংশগ্রহণকারীদের অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে লালমনিরহাটকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন : বাংলাদেশে হিউম্যানিস্ট মুভমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বিশেষজ্ঞদের মতে, রাজধানীমুখী চাকরির চাপ কমিয়ে জেলা পর্যায়ে শিল্পায়নের বিস্তার ঘটাতে পারলে দেশের অর্থনীতি যেমন আরও শক্তিশালী হবে, তেমনি তরুণ সমাজও পাবে টেকসই ভবিষ্যতের বাস্তব ভিত্তি। লালমনিরহাটের এ উদ্যোগ তাই শুধু একটি চাকরি মেলা নয়, এটি হতে পারে উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন সূচনা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়