Apan Desh | আপন দেশ

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৮, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৫:১১, ২৫ মার্চ ২০২৬

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন। ছবি: ভিডিও থেকে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে। তিনি বলেন, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস হবে।

বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জাতির কাছে কৃতজ্ঞ। এরপর থেকে প্রতিমাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

কৃষক কার্ড বিতরণের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। টাঙ্গাইল থেকে কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে।

তিনি জানান, সংসদ সদস্যরা আর কোনো শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা পাবেন না। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহর বাতিল করা হয়েছে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর ৮০ ভাগ নারী। সবাইকে ই-হেলথ কার্ড দেয়ার পরিকল্পনা চলছে।

ঈদের আগে গার্মেন্টস খাতে বেতন ও বোনাস নিয়ে কোনো শ্রমিক অসন্তোষ হয়নি। সময়মতো বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। এজন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে বাড়বে বিমান ভাড়া

মন্ত্রী বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট বন্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু হবে। দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে।

যুদ্ধপরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য সংঘাতের সময় বাংলাদেশও কঠিন পরিস্থিতিতে রয়েছে। অতীতের সরকার দেশে গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগ নেয়নি।

এসময় মন্ত্রী জানিয়েছেন, দেশে এ মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই। জ্বালানির মূল্য বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কিনতে না অনুরোধ করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement