ছবি: আপন দেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ময়লার বিল নিয়ে অতি অভিযোগ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। প্রশাসক মো. আবদুস সালাম সতর্ক করেছেন, ১০০ টাকার বেশি বিল সংগ্রহ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিল করা হবে।
বুধবার (০৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাটে মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা এবং ‘ক্রাশ প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সর্তকবার্তা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
মো. আবদুস সালাম বলেন, নগরবাসী যেন ১০০ টাকার বেশি ময়লার বিলের অভিযোগ সিটি করপোরেশনকে জানান। অভিযোগ সত্য প্রমাণিত হলে ঠিকাদারের চুক্তি বাতিল হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে দাহের নিবন্ধন ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।
এছাড়াও প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সিটি করপোরেশনের কার্যক্রমে সহযোগিতার আহবান জানান। তিনি বলেন, ঢাকা দেশের মুখ। বিদেশি কেউ রাজধানী দেখলেই দেশের অবস্থা সম্পর্কে ধারণা পায়। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা জরুরি। প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন।
পুরান ঢাকাকে ‘আদি ঢাকা’ আখ্যা দিয়ে তিনি বলেন, দক্ষিণ সিটিতে পুরান ঢাকাকে সবচেয়ে উন্নতভাবে উপস্থাপন করতে চান। এখানে সড়কবাতি সচল থাকবে, নিয়মিত বর্জ্য অপসারণ হবে এবং মশা নিয়ন্ত্রণে থাকবে—এটাই লক্ষ্য।
আরও পড়ুন <<>> বাড়ল ঈদের ছুটি
মশার প্রাদুর্ভাব বাড়ায় ডিএসসিসি মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ কর্মসূচি হাতে নিয়েছে ডিএসসিসি। এর অংশ হিসেবে সংস্থার ২৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে শুরু হওয়া অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন। তারা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করেন এবং মশার ওষুধ ছিটান। এছাড়া স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































