ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
কেবল হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বুধবার (০৪ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ (সিজন ২)-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, সবকিছুর মালিক আল্লাহ। তিনি সকল ক্ষমতার মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের রিজিকের ব্যবস্থাও তিনিই করেন। যতবেশি আল্লাহর শুকরিয়া আদায় করা হবে, তিনি ততবেশি রহমত ও দয়া করবেন। তিনি আমাদেরকে কানে শোনা, সেটা মনে রাখা এবং যথাসময়ে সেটা স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন। চোখের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা তিনিই করে দিয়েছেন।
আরও পড়ুন<<>>পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ কার্যক্রম
ধর্মমন্ত্রী আরও বলেন, আল্লাহতায়ালা একটি জালেম সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যা চান তাই-ই হয়ে থাকে।
কোরআন শিক্ষায় কওমি মাদ্রাসার অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, এদেশে কোরআন শিক্ষার ক্ষেত্রে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদেরকে সংগঠিত এবং সহযোগিতা করতে হবে যাতে ভবিষ্যতে তারা সমগ্র বাংলাদেশে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে।
মন্ত্রী বলেন, রমজান মাস রহমত ও বরকতের মাস। এ মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এ মাসে হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন। সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস-এটিও তিনিই সংবিধানে সন্নিবেশ করেন। তিনিই ওআইসি ও মধ্যপ্রাচ্যের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তী সময়ে মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। আলেম-ওলামাদের সঙ্গেও বেগম খালেদা জিয়ার সুসম্পর্ক ছিলো।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচকের বক্তৃতা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































