আয়াতুল্লাহ আলী খামেনি : ফাইল ছবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। রোববার (০১ মার্চ) ইরানীসংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এ হামলায় প্রাণ হারিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় খামেনির মৃত্যুর বিষয়টি দাবি করেন। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত হয়েছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেসব মার্কিনি ও বিশ্ববাসীর জন্য এক কাঙ্ক্ষিত বিচার—যাদের ওপর খামেনি ও তার বাহিনী নির্যাতন চালিয়েছিল।
আরও পড়ুন<<>>ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে নেই, দাবি নেতানিয়াহুর
জানা গেছে, গত শনিবার ইরানের খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এক শক্তিশালী সামরিক অভিযান চালায়। অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ হামলায় খামেনির প্রাসাদটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইসরায়েলের সঙ্গে মিলে চালানো এ নিখুঁত অভিযানে খামেনি বা তার সঙ্গে থাকা অন্য নেতাদের বাঁচার কোনো সুযোগ ছিল না।
উদ্ভূত পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি), সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের অনেক নিরাপত্তা সদস্য আর যুদ্ধ করতে চাচ্ছেন না এবং তারা ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছেন। ট্রাম্প বলেন, এখনই সুযোগ, তারা চাইলে দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারে। দেরি করলে তাদের জন্য মৃত্যু ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ বিমান হামলা পুরো সপ্তাহজুড়ে বা প্রয়োজন অনুযায়ী বিরতিহীনভাবে চলতে থাকবে। তিনি মনে করেন, এটি ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এক বিশাল সুযোগ। একদিনের ব্যবধানে দেশটি প্রশাসনিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, দ্রুত রাজনৈতিক পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































