স্বর্ণের অলঙ্কার
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের বাজারে প্রায় প্রতিদিনই বাড়ছিল মূল্যবান এ ধাতুর দাম। টানা ছয় দফা বাড়ানোর পর অবশেষে কমেছে স্বর্ণের দাম। বুধবার (০৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে দাম কমানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
স্বর্ণের মান অনুযায়ী নতুন মূল্য নির্ধারণের ফলে এখন থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এর আগে, এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
আরও পড়ুন<<>>আজকে স্বর্ণ-রুপার দাম বাড়ল নাকি কমলো
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতেই এ দাম সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বাজারে স্বর্ণের দাম ছিল ঊর্ধ্বমুখী। গত শনিবার এবং সোমবারও দফায় দফায় দাম বাড়ানো হয়েছিল। এর আগে গত সপ্তাহে মাত্র দুই দফায় ৫ হাজার ৪৮২ টাকা দাম বেড়েছিল। সর্বশেষ সমন্বয়ের আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও আজকের এ বড় হ্রাসের ফলে বাজার আবার কিছুটা স্থিতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৭ বার স্বর্ণের দাম পরিবর্তন বা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে মোট ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং আজকেরটিসহ মোট ১৩ বার দাম কমানো হলো। বাজুস নির্ধারিত এ দামের সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মজুরি যোগ করে জুয়েলারি দোকানগুলো অলঙ্কার বিক্রি করবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































