ছবি: আপন দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।
বুধবার (০৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (০৩ মার্চ) রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন <<>>চুরির অপবাদে দুই যুবককে পিটিয়ে হত্যা
তবে রাতের ঘটনার জের কাটেনি। বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিরোধ পুরো গ্রামে ছড়িয়ে যায়। উভয় পক্ষের লোকজন কয়েক দফা সংঘর্ষে অংশ নেয়। এতে দুই পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































