Apan Desh | আপন দেশ

এনসিপির এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা

ছবি: আপন দেশ

ভোটগ্রহণের পূর্বে এনসিপি মনোনীত এক এজেন্টকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া সাতটার দিকে প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকা সত্ত্বেও এ এজেন্টকে কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেয়া হয়।

এজেন্ট গোলাম মোস্তফার দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকেরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। এর ফলে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ভোটগ্রহণ শুরুর পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হলেও তাকে কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা যায়। কিন্তু একপর্যায়ে সেনাবাহিনীর একটি টহল দল কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সকাল ৭টা ৪০ মিনিটে গোলাম মোস্তফাকে কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করে দেন।

গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ভোট শুরুর সময় হয়ে গেলেও আমাকে ঢুকতে দেয়া হয়নি। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছিলাম না। কেন আমাকে বাধা দেয়া হচ্ছে, সে বিষয়ে প্রথমে কেউ স্পষ্ট কিছু বলেননি।

আরও পড়ুন <<>> অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়: ইসি সানাউল্লাহ

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিন বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে বলে জানান। এদিকে প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সেনাবাহিনীর হস্তক্ষেপের পর কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। এরপর থেকে কেন্দ্রে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি চোখে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও কেন্দ্রের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়