কাজী গুলশান আরা ও বিজয় দেবাশীষ নারায়ণ পাল। ফাইল ছবি
সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের কারণে তাদের নামে মামলা হয়। এ মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) তাদের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ।
তিনি আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিরা হলেন, লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল (৪৭)।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন <<>> সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট হারুন অর রশিদ রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর মামলাটি দায়ের করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































