ছবি : আপন দেশ
চট্টগ্রামে শিশু জুলিয়া হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এতে ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দেয়া হয়েছে।
মূল আসামিকে না ধরে আমীর হোসেনকে পুলিশ গ্রেফতার করেছিল বলে জানান আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আমীর হোসেনকে খালাস দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দেন।
মেখল গ্রামে শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
আরও পড়ুন: প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য বড় সুখবর
মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। আমীর হোসেন ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। এ সময় আমীর হোসেন জুলিয়াকে অপহরণ করে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে খালে ফেলে দেন। পরে খালপাড় থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জুলিয়ার পরিবারের পক্ষ থেকে আমীর হোসেনকে আসামি করে মামলা করা হয়। ২০০৮ সালের ২৫ আগস্ট পুলিশি তদন্ত শেষে চার্জশিট জমা দেয়া হয়। পরের বছর ৮ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































