ছবি : আপন দেশ
ময়মনসিংহে সাথী আক্তার হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হৃদয় মিয়া (২৯) নগরীর আকুয়া জুবলি কোয়র্টার এলাকার জয়নাল মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ মার্চ রাতে আকুয়া জুবলী কোয়ার্টারের ভাড়া বাসায় সাথী আক্তারকে হত্যা করা হয়। সাথী আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন হৃদয় ও তার সহযোগীরা।
এ ঘটনায় নিহতের ছোট বোন শিউলী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে হৃদয়কে একমাত্র আসামি করে ২০২৩ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত হৃদয়কে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
আরও পড়ুন <<>> খোকনের সঙ্গে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সাথীর বোন ও মামলার বাদী মোছা. শিউলি। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। তবে রায়ে সন্তুষ্ট নন আসামিপক্ষের স্বজনেরা।
হৃদয়ের মামা বাবুল মিয়া জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ার আজিজ টুটুল জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত ঘটনাটিকে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































