Apan Desh | আপন দেশ

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৬, ৭ এপ্রিল ২০২৬

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

ফাইল ছবি

দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের চূড়ান্ত নির্দেশনা দিয়ে হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট দুই বিচারপতির স্বাক্ষরের পর এটি প্রকাশিত হয়।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

রায়ে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে, সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী তিন মাসের মধ্যে একটি স্বাধীন ও পৃথক সচিবালয় গঠন করতে হবে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়। এতে বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করা হয়েছে।

এরও আগে ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন <<>> জামায়াতকর্মী বিবি সাওদার জামিন 

পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি জানান, মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার শেষ ধাপ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেনসহ অন্যরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করার দাবিতে মামলা করেন। ১৯৯৯ সালে আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত রায় দেয়। প্রায় ২৬ বছর পর সে রায়ের বাস্তবায়নে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের পথে এগোলো সরকার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়