Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৬, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১০:০৮, ৩ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান ফের আলোচনার টেবিলে বসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমেছে। বিনিয়োগকারীদের মধ্যে কূটনৈতিক সমাধানের আশাবাদ তৈরি হওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় 
তেলের দামে বড় পতন দেখা যায়। 

এর আগে ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি তেহরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল।

তবে তিনি বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।

আরও পড়ুন<<>>ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দাবি অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।

তিনি আরও বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।

ট্রাম্পের এ ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন হয়।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩.৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়ায়।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করলে এবং তেহরানের বাহিনী ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালালে দুই ধরনের তেলের দামই ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়