Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৭, ১ আগস্ট ২০২৬

আপডেট: ০৯:০৭, ১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে বিমানটির পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তিনি সামান্য আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩১ জুলাই) সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন মেরিন কোর। খবর টাইমস অব ইসরায়েলের।

যুক্তরাষ্ট্রের মেরিন কোর জানায়, বিধ্বস্ত বিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অধীনে পরিচালিত হচ্ছিল। দুর্ঘটনার পর সামরিক বাহিনী ঘটনাটিকে একটি বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে।

বিমানঘাঁটির উড্ডয়ন এলাকাতেই এটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে। মেরিন কোরের ফার্স্ট লেফটেন্যান্ট ব্লেক স্টারবাক বলেন, এটি এমসিএএস মিরামারের আশপাশে মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান জড়িত ‘ক্লাস এ’ দুর্ঘটনা। তিনি নিশ্চিত করেন, দুর্ঘটনার আগেই পাইলট বিমান থেকে বের হয়ে আসেন এবং পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে আগুন নেভাতে দমকলকর্মীরা কাজ করছেন। এ বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য তিনি মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

আরও পড়ুন<<>>পাকিস্তানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ৩২

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিমানটি কী উদ্দেশ্যে উড়ছিল, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি ঘাঁটিতে অবতরণ করতে যাচ্ছিল, নাকি সেখান থেকে উড্ডয়ন করেছিল, তাও স্পষ্ট নয়। এটি কোনো প্রশিক্ষণ মিশনে ছিল কি না, সে বিষয়েও কর্মকর্তারা কিছু জানাতে পারেননি।

এদিকে স্কাইরেঞ্জার ৭-এর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত যুদ্ধবিমানটি একটি খোলা মাঠে দুই টুকরো হয়ে পড়ে আছে। চারপাশের বড় একটি এলাকা আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার আকার প্রায় একটি ফুটবল মাঠের সমান। স্টেট রুট ৫২ মহাসড়কের উত্তর পাশের একটি মাঠ থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পাশ দিয়ে চলাচলকারী যানবাহন থেকেও আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল। 

সান দিয়েগো ফায়ার-রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা ঝোপঝাড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে দুর্ঘটনাস্থলের নিরাপত্তা, তদন্ত এবং পুরো ঘটনার দায়িত্ব এখনো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছেই রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়