Apan Desh | আপন দেশ

এইচএসসি-সমমানের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৫, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:১৮, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি-সমমানের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

ফাইল ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আরও কয়েক ঘন্টা পরেই প্রকাশ করা হবে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ১১টার সময় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে। 

রেওয়াজ অনুযায়ী এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারাংশ শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকতেন। পরে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয় বা নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতেন।

যেভাবে জানা যাবে ফল
আন্তশিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bdএবং ducationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুন<<>>এইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

এজন্য শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর সচল মোবাইল নম্বর দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।

সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়