Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ায় বায়ুদূষণে এক মাসে ৫ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৬, ৩০ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ায় বায়ুদূষণে এক মাসে ৫ হাজারের বেশি মৃত্যু

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বাতাস ক্রমশ বিষাক্ত হয়ে ওঠছে। দেশটিতে কয়েক মাস ধরে চলছে ভয়াবহ দাবানল। যার ধোঁয়ায় প্রভাবে শুধু গত সেপ্টেম্বরেই আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

দাবানল ছাড়াও শিল্পকারখানা, যানবাহন ও বর্জ্য পোড়ানোর দূষণ যোগ হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। একই সময়ে অস্বাস্থ্যকর দূষিত বাতাসে শ্বাস নিতে হয়েছে দেশটির সাড়ে ৫ কোটিরও বেশি মানুষকে।

সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বায়ুদূষণের প্রভাব নিয়ে নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সিআরইএ বলেছে, ইন্দোনেশিয়ায় বন ও ভূমিতে আগুনের কারণে বায়ুর মানের অবনতি হয়েছে। এতে চলতি বছরের সেপ্টেম্বরে আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬০। আগস্টের হিসাবের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ।

সিআরইএর এ গবেষণায় কয়েক দিনের মধ্যে পিএম ২.৫ দূষণের কারণে কত মানুষের মৃত্যু হয়েছে। তার হিসাব তুলে ধরা হয়েছে। পিএম ২.৫ হলো বাতাসের অতি সূক্ষ্ম বস্তুকণা, যা শ্বাসের সঙ্গে ফুসফুস এমনকি রক্তপ্রবাহেও প্রবেশ করতে পারে।

আরও পড়ুন <<>> ছাত্র সংগঠনগুলোকে ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক রাহুলের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব কণার সংস্পর্শে এলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে আনুমানিক মৃত্যুর বেশির ভাগই ঘটেছে বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ, জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলে।

গবেষকেরা দাবানল ছাড়াও নগরাঞ্চলের বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও যানবাহন থেকে সৃষ্ট দূষণের প্রভাব পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, সেপ্টেম্বরে এসব উৎসের দূষণে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে প্রায় ২৯ কোটি মানুষের দেশটিতে ওই মাসে বায়ুদূষণে মৃত্যুর আনুমানিক সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়