ছবি: আপন দেশ
ভূরাজনৈতিক উত্তেজনা আর ডলারের মূল্যবৃদ্ধির কারণে বিশ্ববাজারের স্বর্ণের দাম আরেক দফা কমেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। দেশে টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর কমানো হয়েছে মূল্যবান এ ধাতুর দাম। ফলে শনিবার (৩১ অক্টোবর) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
সর্বশেষ শুক্রবার (৩০ অক্টোবর) ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
আরও পড়ুন<<>>জাপানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে অর্থমন্ত্রী বৈঠক
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৬ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ৩০ বার।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার গয়নার দামও। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের রুপার প্রতি গ্রামের দাম ৩১৫ টাকা, ২১ ক্যারেটের ৩০০ টাকা এবং ১৮ ক্যারেটের ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রামের দাম ১৯৫ টাকা।
বাজুস জানিয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো গয়না বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো গয়না কেনার ক্ষেত্রে বাদ দিতে হবে ১৮ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়ার সুযোগ নেই।
পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































