ছবি: আপন দেশ
দেশের চিনিশিল্পকে লাভজনক ও আধুনিকায়নে সরকার কার্যকর নানা উদ্যোগ নিয়েছে। এ কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শুক্রবার (৩০ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ফারজানা শারমীন পুতুল বলেন, আখচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও আখ চাষে প্রণোদনা দেয়া হয়েছে। এছাড়া উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি সরবরাহের পাশাপাশি চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকদের আখ চাষে উৎসাহিত করতে আখের ক্রয়মূল্য বাড়ানো হয়েছে। একই সঙ্গে নতুন জাতের বীজ উদ্ভাবন ও কৃষক পর্যায়ে প্রযুক্তি পৌঁছে দেয়ার কাজ চলছে।
তিনি বলেন, নর্থ বেঙ্গল চিনিকলসহ দেশের অন্যান্য চিনিকলের উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর বিষয়েও সরকার কাজ করছে। এ অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে চিনিকলটির গভীর সম্পর্ক রয়েছে। তাই প্রতিষ্ঠানটি সচল ও লাভজনক রাখতে আখচাষিদের নিয়মিত আখ সরবরাহ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।
আরও পড়ুন <<>> গ্যাস সিলিন্ডার কিনে রসিদ পাচ্ছেন না ক্রেতারা
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১২৫ দিনব্যাপী এ মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
এদিকে, আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে গত মৌসুমের তুলনায় এবার প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ২৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের দাম ৬৫১ টাকা এবং আখ সংগ্রহ কেন্দ্রে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































