Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকিং শুরু উজবেকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: ১৬:৩২, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৩৩, ২৯ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকিং শুরু উজবেকিস্তানে

ফাইল ছবি

উজবেকিস্তানে চালু হলো ইসলামী ব্যাংকিং। দেশটিতে প্রথমবারের মতো ইসলামী ব্যাংকিংয়ের লাইসেন্স দেওয়া হয়েছে। ওপেন ব্যাংক এ লাইসেন্স পেয়েছে। 

দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের জুনে উজবেকিস্তানে ইসলামি ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণসংক্রান্ত একটি আইন কার্যকর হয়। এতে ইসলামি আর্থিক কার্যক্রমের বিভিন্ন ধরন, ব্যাংকগুলোর লাইসেন্স গ্রহণের শর্ত এবং এসব কার্যক্রমের করসংক্রান্ত বিশেষ বিধান নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আব্রোরখোদজা তুরদালিয়েভ বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে দেশটিতে ১০টি ইসলামি ব্যাংক চালু হওয়ার আশা রয়েছে। পাশাপাশি তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ইসলামি উইন্ডো’ চালু করবে।

২০২৬ সালের মার্চে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকেও অন্তত একটি বাণিজ্যিক ব্যাংকে ইসলামী উইন্ডো চালু এবং সম্পূর্ণ ইসলামী ব্যাংকিং নীতিমালার ভিত্তিতে পরিচালিত দুটি ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করা হয়।

ওপেন ব্যাংক (পূর্বনাম স্মার্ট ব্যাংক) একটি ডিজিটাল ব্যাংক। এটি দূরবর্তী সেবা প্রদান ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংকটি লাইসেন্স পায়।
 
২০২৫ সালের জুনে পুনঃনামকরণের মাধ্যমে স্মার্ট ব্যাংক থেকে নাম পরিবর্তন করে ওপেন ব্যাংক রাখা হয়। ব্যাংকটির প্রধান শেয়ারহোল্ডার ফিউচার ওপেন টেকনোলজি গ্রুপ (Future Open Technology Group), যার মালিকানায় রয়েছে ৮৫.১ শতাংশ শেয়ার। ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৮ ট্রিলিয়ন সোমে এবং এর অনুমোদিত মূলধন ৫০০ বিলিয়ন সোম।

আপন দেশ/কেএম 

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়