বাঁ থেকে বেসিক ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নূরুল হুদা এবং অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও নূর মোহাম্মাদ। -ফাইল ছবি
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংক পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকে এবং বেসরকারি যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন নতুন নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা।
বেসিক ব্যাংকের দায়িত্বে নূরুল হুদা
বেসিক ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. নূরুল হুদা। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। এখন তাকে বেসিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার।
অগ্রণী ব্যাংকের এমডি নূর মোহাম্মদ
অগ্রণী ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন নূর মোহাম্মদ। এর আগে তিনি বেসরকারি খাতের যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেসরকারি ব্যাংক থেকে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে আসছেন তিনি।
পরবর্তী পদক্ষেপ
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী নিয়োগ-সংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
ব্যাংক দুটির নতুন এমডিদের সামনে এখন পরিচালন দক্ষতা বৃদ্ধি, ঋণ আদায় জোরদার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তাদের নেতৃত্বে ব্যাংক দুটির আর্থিক ব্যবস্থাপনা ও সেবার মানে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































