Apan Desh | আপন দেশ

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণিল আয়োজন

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫২, ২৬ অক্টোবর ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণিল আয়োজন

ফাইল ছবি, আপন দেশ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন অঙ্গীকার নিয়ে উদযাপিত হতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬। এ বারের প্রতিপাদ্য ‘শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন, উদ্ভাবন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদার করা’।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী তিন পর্বের জাঁকজমকপূর্ণ কর্মসূচির রূপরেখা প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে দিবসটি সফল করতে সকল প্রশাসনিক ও কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রথম পর্বে দিনের প্রথম ভাগে সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে পর্দা উঠবে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার ও চাকরি মেলা-২০২৬’। যেখানে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি সংযোগ, পেশাগত নেটওয়ার্কিং ও স্পট রিক্রুটমেন্টের সুযোগ থাকবে। 

সকাল ১১টা ১৫ মিনিটে পুরোদমে নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার পর ১১টা ৩০ মিনিটে হবে শিল্প-নেতৃবৃন্দের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনার। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

গৌরবোজ্জ্বল এ পর্বে প্রধান অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি থাকবেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক(সদর দফতর) মোহাম্মদ ইউসুফ আলী এবং আরপি ক্রিয়েশন অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিতোষ চন্দ্র পাল। 

দ্বিতীয় পর্বে এদিন বিকেল ৩টায় বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হবে অ্যাকাডেমিক ও প্রায়োগিক মেলবন্ধনের বিশেষ সেশন রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।  

আরও পড়ুন<<>>বউ মেলায় ঢুকতে পারেন না স্বামীরা

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক গবেষণাকে শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে এ পর্বে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পাশাপাশি গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের মনোনীত ৩০ জন প্রথিতযশা শিক্ষক ও ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং ৫ জন শিশুকে ইউনিভার্সিটি কমিউনিটি চিল্ড্রেনস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হবে।

তৃতীয় পর্বে সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী পর্বে নামবে সুরের মূর্ছনা। নজরুল-সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিটি পর্বে সভাপতিত্ব করবেন, মাভাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। স্বাগত সম্ভাষণ জানাবেন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিছুর রহমান।

আয়োজক কমিটি সূত্রে জানাগেছে, বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে প্রো-ভিসি অধ্যাপক মো. আনিছুর রহমানকে আহবায়ক এবং অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব করে ১৫টি শক্তিশালী উপ-কমিটি গঠন করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম নিয়মিত এ কমিটিগুলোর কাজের তদারকি করছেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি স্মরণীয় উৎসব উপহার দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়