Apan Desh | আপন দেশ

হরমুজে প্রবেশের চেষ্টা করলে হামলা চালাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ৪ মে ২০২৬

আপডেট: ১৭:৩২, ৪ মে ২০২৬

হরমুজে প্রবেশের চেষ্টা করলে হামলা চালাবে ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তীব্র সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে বিদেশি বাহিনীর ওপর হামলা চালানো হবে।

সোমবার (০৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি এ হুঁশিয়ারি দেন।

আলী আবদুল্লাহি বলেন, হরমুজ প্রণালির কাছে আসা বা এতে প্রবেশের চেষ্টা করলে যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে মার্কিন সেনাবাহিনীকে আগ্রাসী উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি জানান, প্রণালিটি ইরানি সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখানে নিরাপদ চলাচলের জন্য সব পক্ষকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।

এর আগে রোববার (০৩ মে) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

এ উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চালাচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য হলো নিরপরাধ মানুষ, কোম্পানি ও দেশগুলোকে সহায়তা করা, যারা বর্তমান পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন <<>> হারের আভাসের মধ্যেই মমতার জরুরি বার্তা

তিনি আরও বলেন, জাহাজগুলোকে প্রণালি থেকে বের করে আনা একটি মানবিক পদক্ষেপ। এতে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশ এবং ইরান—সবারই উপকার হবে। কারণ অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, এ উদ্যোগে কেউ বাধা দিলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা এ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। এ জন্য প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হতে পারে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধবিমানও প্রস্তুত রাখা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়