পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় কড়া নিরাপত্তার মধ্যে গণনা শুরু হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে জরুরি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, প্রাথমিক গণনায় বিজেপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও সেটা আসলে কেন্দ্রীয় সরকারের ‘চাল’। শেষ পর্যন্ত তৃণমূলই জিতবে বলে তিনি আত্মবিশ্বাসী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য– সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্ট, কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী, ক্যান্ডিডেটরা, তারা কাউন্টিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।
মুখ্যমন্ত্রী বলেন, প্রথম দুই-তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন, যেখানে কোনো মিল নেই।
মমতা বলেন, এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সেসকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর-এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে, যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন ৭০টা সিট আছে, ১০০টা সিট আছে, যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না।
আরও পড়ুন<<>>পশ্চিমবঙ্গে মমতার ভরাডুবি, সরকার গঠনের পথে বিজেপি
তিনি বলেন, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেইঞ্জ করে দেয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।
মুখ্যমন্ত্রী বলেন, সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব—অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন।
মমতা বলেন, ওয়েট অ্যান্ড সি। ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































