Apan Desh | আপন দেশ

হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৭, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

ছবি সংগৃহীত

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইরান। তারপরও ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প একটি পোস্টে লিখেছেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ উন্মুক্ত ও জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ!’

এরপর ট্রুথ সোশ্যালে আরও কয়েকটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একটিতে তিনি লিখেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত এবং বাণিজ্যের জন্য প্রস্তুত রয়েছে। তবে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের চুক্তি যতক্ষণ না শতভাগ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুধু ইরানের ওপর এ নৌ অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। তিনি আরও যোগ করেন, এ প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হওয়া উচিত কারণ অধিকাংশ বিষয়েই আলোচনা হয়ে গেছে।

অপর একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুতটি হাতে পেতে যাচ্ছে। তিনি পোস্টে এ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, এ বিনিময়ের জন্য ‘কোনোভাবেই বা কোনো রূপেই’ অর্থের আদান-প্রদান করা হবে না। এছাড়া এ চুক্তিটি লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির ওপর কোনোভাবেই নির্ভরশীল হবে না।

আরও পড়ুন<<>>অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবাননের পরিস্থিতি ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপস্থিতির বিষয়টি ইরান থেকে আলাদাভাবে ও ‘যথাযথ উপায়ে’ মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের এমনটা করতে ‘নিষেধ’ করা হয়েছে।

আরেক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, তিনি ন্যাটোর কাছ থেকে একটি ফোন কল পেয়েছেন। হরমুজ প্রণালীর বিষয়ে সহায়তার যে প্রস্তাব তারা দিয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি ন্যাটোকে সাফ জানিয়ে দিয়েছেন, তারা যেন এ বিষয়টি থেকে ‘দূরে থাকে’।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সমুদ্রের সব মাইন সরিয়ে নিয়েছে অথবা সরিয়ে নিচ্ছে।

তিনি আরও দাবি করেছেন, ইরান ‘হরমুজ প্রণালী আর কখনোই বন্ধ না করার বিষয়ে একমত হয়েছে’।

ট্রাম্প এক পোস্টে বলেন, এটি (হরমুজ প্রণালী) বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে আর কখনোই ব্যবহৃত হবে না।

প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী এখন থেকে বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

শুক্রবার (১৭ এপ্রিল) এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ এ যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে এ যাতায়াতে অবশ্যই ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করে হতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়