ফাইল ছবি, আপন দেশ
জাতীয় গ্রিডে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের করণ খুঁজতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করবে কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পিজিসিবি এ তথ্য জানায়।
প্রতিষ্ঠানটি জানায়, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), সঞ্চালন-২ সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ করে মতামত ও সুপারিশ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন<<>>অক্টোবরে ২৬ দিনে রেমিট্যান্স ২৪৫ কোটি ডলার
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকার মধ্যে ছিল ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।
বিভ্রাটের পরপরই জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ শুরু করে পিজিসিবি। দুপুর আড়াইটার দিকে পুনরুদ্ধারের কাজ পুরোপুরি শেষ হয়। এরপর বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করা হয়।
অনাকাঙ্ক্ষিত এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ ও পিজিসিবি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































