ছবি সংগৃহীত
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একইসঙ্গে তিনি বলেছেন, এর পর থেকে হরমুজ ইস্যু সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। কারণ সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দফতর হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবানন চুক্তি স্বাক্ষরের পর এ যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিকে সম্পূর্ণ খুলে দেয়ার ঘোষণা দেয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী সৈদয় আব্বাস আরগাচি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেন এ তথ্য।
সৈয়দ আরাগচি এ বার্তা দেয়া কয়েক ঘণ্টা পর এক্সে বার্তা পোস্ট করেন গালিবাফ। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে— তাহলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। এ প্রণালি দিয়ে যাতায়াত নির্ধারিত পথ অনুযায়ী এবং ইরানের অনুমোদনক্রমে পরিচালিত হবে।
আরও পড়ুন<<>>হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম
এক্সপোস্টে গালিবাফ আরও বলেন, আর হরমুজ প্রণালি খোলা থাকবে না-কি বন্ধ— সে সিদ্ধান্ত অবশ্যই মাঠে গ্রহণ করতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। সে সংলাপে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বাঘের গালিবাফ এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর না হওয়ায় ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এক বার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয়েছিল, অবরোধ জারির পর কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ইরানের কোনো বন্দরে যেতে পারবে না, ইরানের কোনো জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না। সে অবরোধ এখনও প্রত্যাহার করেনি সেন্টকোম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































