Apan Desh | আপন দেশ

‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৮, ২৭ অক্টোবর ২০২৬

‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’

ছবি: আপন দেশ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, খেলাধুলাবান্ধব সমাজ গঠনে সরকার কাজ করছে। দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় খেলোয়াড় তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ আউটডোর স্টেডিয়ামে তিনি এসব কথা বলেন। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) আয়োজিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল হয়।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাবান্ধব একটি সমাজ গঠনের জন্য আমরা কাজ করছি। খেলাধুলা নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আপনারা অবগত আছেন, আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করছি। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের অন্বেষণ করা হবে। তাদের মধ্য থেকে আগামীর জাতীয় খেলোয়াড় তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি। 

আরও পড়ুন<<>>আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়া এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।

এর আগে বিকেল ৩টায় শুরু হওয়া গ্র্যান্ড ফাইনালে শের-ই-বাংলা একাদশ ও তারুণ্যের উচ্ছ্বাস মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তারুণ্যের উচ্ছ্বাসকে ২-০ গোলে হারিয়ে শের-ই-বাংলা একাদশ চ্যাম্পিয়ন হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে এ টুর্নামেন্টের লক্ষ্য ছিল শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ্, বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়