ছবি: সংগৃহীত
আজ পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। নানা বিতর্ক সঙ্গী করে মাঠে গড়ানো এ টুর্নামেন্টের প্রথম দিনেই জমে ওঠে মাঠের লড়াই। ম্যাচ হারলেও পাকিস্তানকে দারুণভাবে চাপে রেখেছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে স্কটল্যান্ড।
রোমাঞ্চকর ম্যাচের পাশাপাশি আসরের প্রথম দিনেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ক্রিকেট ভক্তরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাঁচ উইকেট নেয়ার ম্যাচে হ্যাটট্রিক করেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে হ্যাটট্রিক করেন শেফার্ড। ওভারের দ্বিতীয় বলে ওয়াইড ইয়র্কারে ক্যাচ তুলে দেন ম্যাট ক্রস। পরের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন মাইকেল লিস্ক। এরপর ওলিভার ডেভিডসনকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন এ ক্যারিবিয়ান পেসার।
আরও পড়ুন <<>> পিএসএল নিলামে ৫০ বাংলাদেশি ক্রিকেটার
হ্যাটট্রিকের পর একটি ডট বল দিয়ে ওভার শেষ করার আগে শেষ বলে আবারও উইকেট নেন শেফার্ড। পাঁচ বলে চার উইকেট নেয়ার মধ্য দিয়ে পূর্ণ হয় তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। ম্যাচে তিনি মোট ২০ রানে ৫ উইকেট শিকার করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দশম হ্যাটট্রিক। এখন পর্যন্ত নয়জন বোলার মিলে এ ১০টি হ্যাটট্রিক করেছেন। একমাত্র প্যাট কামিন্সই দু’বার এই কীর্তি গড়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































