Apan Desh | আপন দেশ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ২০ মে ২০২৪

আপডেট: ১০:১৪, ২০ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বাংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই।

সোমবার (২০ মে) বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন পায়নি বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটির বরাতে আল জাজিরা এ সংবাদ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেড ক্রিসেন্ট থেকে এই তথ্য দেয়ার পর আশঙ্কা করা হচ্ছে হেলিকপ্টারটির কোনো যাত্রী বেঁচে নেই!

ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কোলিভান্দ জানিয়েছেন, ‘এখন আমরা উদ্ধারকারী দলের কাছ থেকে ভিডিও পাচ্ছি। তারা বলছেন, ‘হেলিকপ্টারের পুরো কেবিন ব্যাপক ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে।’ তারা আরও জানিয়েছেন, ‘ঘটনাস্থলে এখন পর্যন্ত কারও বেঁচে থাকার কোনো চিহ্ন নেই।’

এর আগে রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং এ প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।

এ ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত আছে। উদ্ধারকাজে ইরানের সঙ্গে যোগ দেয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এ ছাড়া বিশ্বনেতারা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারে ‘প্রাণের কোনো চিহ্ন নেই’ বলে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে জানিয়েছে এএফপি। 

আরও পড়ুন <> ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের খোঁজ মিলেছে

উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্স্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছেন তারা। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পরিস্থিতি ভালো নয়।

এদিকে ইরানের সঙ্গে উদ্ধারকাজ এবং হেলিকপ্টার তল্লাশিতে হাত লাগিয়েছে তুরস্কও। অনুসন্ধানে সহযোগিতা করার জন্য ৪৭ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে রাশিয়া। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।

রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ ছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সৌদি আরব, তুরস্ক, আর্মেনিয়া, রাশিয়া, ইউরোপীয় কমিশনসহ উপসাগরীয় বিভিন্ন দেশ প্রস্তাব পাঠিয়েছে।

এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল খামেনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, যাই ঘটে থাকুক না কেন, রাষ্ট্র পরিচালনার কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। ইরানের পারমাণবিক প্রকল্প ও পররাষ্ট্রনীতির বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত খামেনির কাছ থেকেই আসে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, মূলত বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এখনো আবহাওয়া প্রতিকূল থাকায় তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে। রাইসি ও আব্দুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রে নির্মিত বেল-২১২ মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়