ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই স্থানের খোঁজ মিলেছে। ওই স্থানে পৌঁছেছে রেড ক্রিসেন্ট। তুরস্কের একটি ড্রোন ওই স্থানে তাপের খোঁজ পেয়েছে। ফলে রাইসির বেঁচে থাকা নিয়ে শঙ্কা আরও বাড়ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরা।
অন্যদিকে বিধ্বস্ত হেলিকপ্টারে ‘প্রাণের কোনো চিহ্ন নেই’ বলে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে জানিয়েছে এএফপি।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্স্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছেন তারা। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পরিস্থিতি ভালো নয়।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন।
তবে ইরানি প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রেড ক্রিসেন্ট।
এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে তাপের উৎস শনাক্ত করেছে তুরস্কের একটি ড্রোন। তুরস্ক বলছে, এটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আসতে পারে। তুরস্কের ওই ড্রোন পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু দেখতে পায় বলে খবর বের হয়। এতে করে ইরানের প্রেসিডেন্টের জীবন নিয়ে আশঙ্কা আরও বেড়ে যায়।
এদিকে ইরানের সঙ্গে উদ্ধারকাজ এবং হেলিকপ্টার তল্লাশিতে হাত লাগিয়েছে তুরস্কও। অনুসন্ধানে সহযোগিতা করার জন্য ৪৭ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে রাশিয়া। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।
এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ ছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সৌদি আরব, তুরস্ক, আর্মেনিয়া, রাশিয়া, ইউরোপীয় কমিশনসহ উপসাগরীয় বিভিন্ন দেশ প্রস্তাব পাঠিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ আরও বেশ কয়েকজন ছিলেন।
আরও পড়ুন <> ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন?
রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।
পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা এখনো আশাবাদী। তবে ঘটনাস্থল থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তা বেশ উদ্বেগজনক।’
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে অন্তত একজন আরোহী ও একজন ক্রু উদ্ধারকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন। তবে তারা কারা, সেটা জানানো হয়নি।
এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল খামেনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, যাই ঘটে থাকুক না কেন, রাষ্ট্র পরিচালনার কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। ইরানের পারমাণবিক প্রকল্প ও পররাষ্ট্রনীতির বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত খামেনির কাছ থেকেই আসে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, মূলত বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এখনো আবহাওয়া প্রতিকূল থাকায় তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে। রাইসি ও আব্দুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রে নির্মিত বেল-২১২ মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































