Apan Desh | আপন দেশ

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:০১, ২৪ এপ্রিল ২০২৬

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের টিকা না দেয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ৬ বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তিনি বলেন, সরকার এখন সারা দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ এপ্রিল থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। দ্রুত সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন <<>> ‘অনৈতিক ব্যবসার কারণে তেল সংকট হয়েছে’

ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দেন এবং তার বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে স্বাস্থমন্ত্রী মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এসময় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্নস্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়