ছবি: আপন দেশ
শুধু স্বাস্থ্য খাতের একার পক্ষে বাংলাদেশের নগর স্বাস্থ্য-সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সরকারের সুস্পষ্ট নেতৃত্ব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের দায়িত্ব সুনির্দিষ্ট করা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদের বাইরেও টেকসই অর্থায়ন।
বুধবার (১১ নভেম্বর) ঢাকায় এক গোলটেবিল আলোচনায় জ্যেষ্ঠ নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও বিশেষজ্ঞরা এ অভিমত দেন।
ইউনিসেফ বাংলাদেশ ও ঢাকায় সুইডেন দূতাবাসের সহায়তায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিএউএইচএন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সভাপতিত্ব করেন বিএউএইচএনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।
মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানাল মিজানুর রহমান। তিনি জানান, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ ৫ কোটি ৩৮ লাখ মানুষ এখন শহরে বাস করে। শহরের ভেতরেই বৈষম্য প্রকট। বস্তির মাত্র ২৮ শতাংশ পরিবার উন্নত ও আলাদা (অন্য পরিবারের সঙ্গে ভাগাভাগি নয় এমন) শৌচাগার ব্যবহার করতে পারে। যেখানে বস্তির বাইরের এলাকায় এ হার ৫৪ শতাংশ। সিটি করপোরেশনের বস্তিগুলোতে নবজাতক মৃত্যুহার প্রতি হাজার জীবিত জন্মে ২৭। প্রবন্ধে খাতটির একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের কথাও তুলে ধরা হয়।
২০২৬ সালের এপ্রিলে মন্ত্রিপরিষদ বিভাগ ১৯২টি নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্যসেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। একই মাসে একনেক ঢাকা ও চট্টগ্রামে ১৭০টি সমন্বিত নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে একটি নতুন প্রকল্প অনুমোদন করে।
আরও পড়ুন<<>>যাত্রাপালা-সার্কাস পুনরুজ্জীবনে উদ্যোগ নেবে সরকার: সংস্কৃতি বিষয়কমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে ডা. এম এ মুহিত বলেন, নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা এখন জাতীয় স্বাস্থ্যব্যবস্থার অংশ। সরকার সেভাবেই এর নেতৃত্ব দেবে। হস্তান্তরিত ১৯২টি কেন্দ্র ও নতুন স্থাপনাগুলো যেন একটি সমন্বিত নেটওয়ার্ক হিসেবে কাজ করে, তা নিশ্চিত করাই এখন আমাদের কাজ। যেখানে তাকে ওষুধ থাকবে, চিকিৎসক কর্মস্থলে থাকবেন এবং বস্তিবাসী মানুষ সত্যিকার অর্থেই সেবা পাবেন। এ লক্ষ্যে আমরা সিটি করপোরেশন, উন্নয়ন সহযোগী ও এনজিওগুলোর সঙ্গে হাতে হাত রেখে কাজ করব।
ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. দেওয়ান মো. এমদাদুল হক বলেন, শহরের বস্তিতে বেড়ে ওঠা শিশুরা দেশের সবচেয়ে খারাপ স্বাস্থ্য পরিস্থিতির মুখোমুখি। অথচ শহরের গড় পরিসংখ্যানের আড়ালে তাদের চিত্র প্রায়ই চাপা পড়ে যায়। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ফলে মা, নবজাতক ও শিশুদের নগর প্রাথমিক স্বাস্থ্যসেবার কেন্দ্রে রাখার সুযোগ তৈরি হয়েছে। এ প্রচেষ্টায় সরকারকে সহায়তা দিতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ।
বিএউএইচএনের সদস্যসচিব এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. শামীম হায়দার তালুকদার বলেন, কে নেতৃত্ব দেবে, কে সেবা দেবে এবং কে জবাবদিহি করবে, তা সবার কাছে স্পষ্ট হলেই কেবল এ রূপান্তর সফল হবে। ব্যবস্থার এ পরিবর্তনের সময় শহরের দরিদ্র মানুষ যেন পিছিয়ে না পড়ে, সে জন্য বিএউএইচএন সরকার, নগর কর্তৃপক্ষ, অংশীদার ও জনগোষ্ঠীকে এক টেবিলে আনার কাজ অব্যাহত রাখবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা যৌথ উদ্যোগের জন্য চারটি ক্ষেত্রে একমত হন। মন্ত্রণালয়গুলোর মধ্যে সুশাসন ও সমন্বয়; সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা; জলবায়ু-সহনশীল নগর স্বাস্থ্যসেবা; এবং টেকসই অর্থায়ন, অংশীদারত্ব ও ডিজিটাল উদ্ভাবন।
আলোচনায় স্বাস্থ্য অধিদফতর, এলজিইডি, হেলথ ইকোনমিকস ইউনিট, আইইডিসিআর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউএনএফপিএ, বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আলোচনার সুপারিশগুলোর ভিত্তিতে বিএউএইচএন একটি পলিসি ব্রিফ তৈরি করবে এবং অগ্রগতি পর্যালোচনায় অংশীজনদের নিয়মিত একত্র করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































