Apan Desh | আপন দেশ

কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী আহমেদ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ১৮ নভেম্বর ২০২৬

কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী আহমেদ

ছবি: আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লার জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তার জানাজা হয়।

জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল। এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা জানাজায় অংশ নেন।
 
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিবাদীরা। রাতের আঁধারে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তারা মানুষ হত্যা করছে। 

আরও পড়ুন<<>>বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া খতিব গ্রেফতার

অন্যের আশ্রয়ে থেকে তারা দেশকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। তবে তারা যা করছে, বাংলাদেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। আর কত মানুষের চোখের পানি ও সন্তানহারা বাবা-মায়ের কান্না দেখতে হবে? 

তিনি আরও বলেন, রাজু মোল্লাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

জানাজায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং স্থানীয় এমপি শহিদুল ইসলাম বাবুলও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা নিহত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাজু মোল্লার মরদেহ দাফন করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়