Apan Desh | আপন দেশ

কেমন আছেন মাইকেল জ্যাকসনের সন্তান

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০০, ৯ মে ২০২৬

আপডেট: ১৫:০৭, ৯ মে ২০২৬

কেমন আছেন মাইকেল জ্যাকসনের সন্তান

ছবি: সংগৃহীত

পপ সংগীতের ইতিহাসে মাইকেল জ্যাকসন আজও এক অনন্য ও রহস্যময় নাম। পপ সম্রাটের মৃত্যুর বহু বছর পরও তাকে ঘিরে আলোচনা থেমে নেই। সম্প্রতি মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘মাইকেল’-এর পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে জ্যাকসন পরিবার। বিশেষ করে ভক্তদের আগ্রহ এখন তার তিন সন্তানের বর্তমান জীবন নিয়ে।

মাইকেল জ্যাকসনের তিন সন্তান প্রিন্স জ্যাকসন, প্যারিস জ্যাকসন ও বিগি জ্যাকসন এখন নিজেদের মতো করে জীবন গড়ে তুলছেন। কেউ আছেন সিনেমা নির্মাণে, কেউ সংগীত ও ফ্যাশনে, আবার কেউ বেছে নিয়েছেন একেবারেই আড়াল জীবন।

বাবার গল্প নিয়েই ব্যস্ত প্রিন্স জ্যাকসন

২৯ বছর বয়সী প্রিন্স জ্যাকসন বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। নতুন ‘মাইকেল’ সিনেমায় তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছেন। বাবার জীবন ও গল্প সঠিকভাবে তুলে ধরাই ছিল তার প্রধান লক্ষ্য।

আরও পড়ুন <<>> কান উৎসবে থাকছেন যেসব তারকা

শুধু চলচ্চিত্র নয়, সামাজিক কাজেও সক্রিয় তিনি। ২০১৬ সালে শিশুদের জন্য ফিটনেসভিত্তিক একটি দাতব্য উদ্যোগ শুরু করেন। পাশাপাশি মোটরসাইকেল ভ্রমণ নিয়ে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। দীর্ঘদিন ধরে মলির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। প্রায় নয় বছরের এ সম্পর্ক এখনো চলছে। তিনি নিয়মিত পারিবারিক আয়োজনে অংশ নেন এবং শিশুদের জন্য মাইন্ডফুলনেস ও যোগাভ্যাসমূলক কার্যক্রমেও যুক্ত থাকেন।

নিজের পরিচয় গড়ে তুলছেন প্যারিস জ্যাকসন

২৮ বছর বয়সী প্যারিস জ্যাকসন সংগীত ও মডেলিং জগতে এখন পরিচিত মুখ। সম্প্রতি তার গান ‘জম্বিজ ইন লাভ’ প্রকাশ পেয়ে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। তবে ‘মাইকেল’ সিনেমা থেকে তিনি নিজেকে দূরে রেখেছেন।

এ সিদ্ধান্ত নিয়ে তিনি খোলাখুলিভাবে জানিয়েছেন, এখন তিনি নিজের জীবন ও ক্যারিয়ারের ওপর বেশি মনোযোগ দিতে চান। সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করছেন তিনি। বিভিন্ন টেলিভিশন শোতেও তাকে দেখা গেছে। মানসিক স্বাস্থ্য নিয়েও তিনি নিয়মিত কথা বলেন।

আড়ালে থাকা বিগি জ্যাকসন

মাইকেলের ছোট ছেলে বিগি জ্যাকসনের বয়স এখন ২৪ বছর। ছোটবেলায় তিনি ‘ব্ল্যাঙ্কেট’ নামে পরিচিত ছিলেন, পরে নিজের নাম পরিবর্তন করেন।

বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস এলাকায় শান্ত জীবনযাপন করছেন। বড় ভাইবোনদের মতো তাকে খুব বেশি জনসমক্ষে দেখা যায় না। তবে চলচ্চিত্র নির্মাণে তার আগ্রহ রয়েছে। সম্প্রতি তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রোচেলেস’ একটি চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পেয়েছে। ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনে কাজ করতেই তিনি বেশি আগ্রহী।

মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার সন্তানদের জীবন নিয়ে কৌতূহল কখনো কমেনি। সময়ের সঙ্গে তারা তিনজনই নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন। কেউ বাবার উত্তরাধিকার বহন করছেন, আবার কেউ সে ছায়া থেকে বেরিয়ে নিজের পথ গড়ে তুলছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়