Apan Desh | আপন দেশ

নেটফ্লিক্সে যাচ্ছে ‘মহানগর’ ‘বোয়েমিয়ান ঘোড়া’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ অক্টোবর ২০২৬

নেটফ্লিক্সে যাচ্ছে ‘মহানগর’ ‘বোয়েমিয়ান ঘোড়া’

ফাইল ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স। এবার এ প্ল্যাটফর্মে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় দুই সিরিজি ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’।

নেটফ্লিক্সের সঙ্গে হইচই এর চুক্তি হয়েছে। যার ফলে এ সুযোগ সৃষ্টি হয়েছে। তাই বাংলা ভাষার গল্প পাবে আন্তর্জাতিক দর্শক। এ চুক্তির আওতায় হইচইয়ের নির্বাচিত সিরিজ ও নতুন মৌলিক কনটেন্ট হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

এ তালিকায় রয়েছে বাংলাদেশের নির্মাতা আশফাক নিপুণের আলোচিত সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোয়েমিয়ান ঘোড়া’, যা নেটফ্লিক্সে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে আসছে।

এ অংশীদারত্বের ফলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাংলা কনটেন্টও বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলা ভাষায় নির্মিত গল্প অন্য ভাষায় উপস্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাইরের দর্শকদের কাছেও এসব সিরিজ পরিচিত হতে পারে।

হইচইয়ের নির্বাচিত কনটেন্টের তালিকায় ‘মহানগর’ ও ‘শাদি কা সিয়াপ্পা’ ছাড়াও রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘অজানা ছায়া’, ‘দ্য কার্স অব পারনাশাবাড়ী’, ‘ব্লাডলাইনস’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জাগগা’, ‘রাত অভি বাকী হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’, ‘কুইন্স’ এবং ‘পরিণীতা: এ লাভ স্টোরি’।

আরও পড়ুন<<>> রাশমিকাকে পেয়ে বদলে গেছে প্রেম সম্পর্কে বিজয়ের ধারণা

চুক্তি অনুযায়ী, হইচইয়ের নতুন মৌলিক সিরিজগুলো নিজস্ব প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সেও হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রকাশ করা হবে। এর ফলে দর্শকরা নিজেদের পছন্দের ভাষায় এসব গল্প উপভোগ করতে পারবেন।

এ উদ্যোগের অংশ হিসেবে সামনে আসছে লোককথাভিত্তিক ভৌতিক সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। এতে অভিনয় করেছেন জিতু কামাল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম। সিরিজটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরবর্তী মাসগুলোতে হইচইয়ের আরও নতুন কনটেন্ট নেটফ্লিক্সের তালিকায় যুক্ত হবে।

নেটফ্লিক্স ও হইচইয়ের এ অংশীদারত্ব কেবল বিদ্যমান সিরিজের ভাষান্তর ও সম্প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আওতায় হইচই স্টুডিওর প্রযোজনায় নতুন মৌলিক সিরিজও নির্মাণ করা হবে। জনপ্রিয় গল্পগুলোকে নতুন আঙ্গিকে এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নতুন এসব প্রযোজনার গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

বাংলা ভাষার কনটেন্টের আন্তর্জাতিক বিস্তারের ক্ষেত্রে এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে বাংলাদেশের ‘মহানগর’-এর মতো আলোচিত সিরিজ এবং ‘বোয়েমিয়ান ঘোড়া’র মতো প্রযোজনা নতুন ভাষার দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পেলে দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাজও আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিতি পেতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়