Apan Desh | আপন দেশ

রাশমিকাকে পেয়ে বদলে গেছে প্রেম সম্পর্কে বিজয়ের ধারণা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৫, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:২৮, ২২ অক্টোবর ২০২৬

রাশমিকাকে পেয়ে বদলে গেছে প্রেম সম্পর্কে বিজয়ের ধারণা

ফাইল ছবি, আপন দেশ

ভালোবাসাকে একসময় বিশ্বাসই করতেন না দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। ক্যারিয়ার, অর্থ আর সাফল্য অর্জনই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের বাইরে অন্য কিছুতে মনোযোগ দেয়াকে মনে করতেন লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা। কিন্তু অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর সে ধারণা বদলে যায় তার। সম্প্রতি কফি উইথ করণ-এর নবম মৌসুমে একসঙ্গে হাজির হয়ে ভালোবাসা ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন এ তারকা দম্পতি।

অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় বিজয় স্বীকার করেন, অতীতে ভালোবাসা নিয়ে তার অবিশ্বাস ছিল অপরিণত মানসিকতার পরিচয়। তার ভাষায়, জীবনে এত সুন্দর ভালোবাসা পেয়েও একসময় তিনি ভালোবাসার ধারণাকেই অবজ্ঞা করতেন। উচ্চাকাঙ্ক্ষা তাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে, ক্যারিয়ার ও উন্নতির সঙ্গে সম্পর্ক নেই এমন সবকিছুকেই দূরে সরিয়ে দিতে চাইতেন।

কিন্তু রাশমিকার সঙ্গে সময় কাটাতে কাটাতে বদলে যায় তার উপলব্ধি। বিজয় জানান, প্রথমে রাশমিকার প্রতি ভালো লাগা তৈরি হয়। পরে সে অনুভূতি নির্ভরতায় রূপ নেয়। রাশমিকা পাশে থাকলে তার দিনটা ভালো কাটত, একসঙ্গে খেলে খাবার আরও ভালো লাগত। এমনকি তার ঘুমও হতো ভালো। একসময় বিজয় বুঝতে পারেন, শুধু ভালো লাগা নয়, রাশমিকাকে জীবনসঙ্গী হিসেবেও চান তিনি। 

আরও পড়ুন<<>>মিমি কাকে বিয়ে করছেন?

তবে বিয়ের সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করেননি অভিনেতা। তার মতে, বিয়ে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুধু আবেগের বশে নয়, সুখ-দুঃখ, ক্যারিয়ারের উত্থান-পতন এবং কঠিন সময়েও সম্পর্কটি একই রকম গুরুত্বপূর্ণ থাকে কিনা, তা বুঝতে চেয়েছিলেন তিনি। 

বিজয় জানান, রাশমিকা প্রায় এক বছর ধরে তাকে বিয়ের কথা বলে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি নিজেও সম্পর্কটিকে নানা পরিস্থিতির মধ্য দিয়ে যাচাই করেছেন। সব অবস্থায় একসঙ্গে থাকার ইচ্ছা অটুট থাকলেই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন তিনি।

২০১৮ সালে গীতা গোবিন্দম সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন বিজয় ও রাশমিকা। পরে ডিয়ার কমরেড ছবিতেও জুটি বাঁধেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তেলুগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ে করেন এ তারকা জুটি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়