ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন কুহরণ-এর আয়োজনে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘ ও সন্ধ্যার গান-এ মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শ্রাবণের মেঘলা আকাশ ও বিকেলের বৃষ্টিস্নাত আবহকে ঘিরে আরশীনগরের সৌজন্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
আয়োজনে রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, ব্যান্ডসংগীত, লোকজ ধর্মী ও ফোকসংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বন্ধুত্ব, ভালোবাসা, স্মৃতিময় ও আবেগঘন গানও পরিবেশিত হয়। গানের তালে তালে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে বটতলা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দের আমেজ। সারাদিনের ক্লাস-পরীক্ষার ব্যস্ততার পর গানের সুরে কিছুটা স্বস্তির সময় কাটাতে দেখা যায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাবেয়া খন্দকার বলেন, আজকের সময়টা সত্যিই দারুণ কাটছে। বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির এ চমৎকার আবহাওয়াকে উদযাপন করতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। একদিকে এক কাপ গরম চা, অন্যদিকে মনোরম গান সব মিলিয়ে পরিবেশটা অন্যরকম হয়ে উঠেছে। এর সঙ্গে সুন্দর আলোকসজ্জা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করেছে। এমন স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে পেরে সত্যিই ভালো লাগছে।
আরও পড়ুন<<>>একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
একই বিভাগের শিক্ষার্থী ফারহান বলেন, অনুষ্ঠানটি অত্যন্ত শ্রুতিমধুর ও মনোরমভাবে পরিচালিত হচ্ছে। এখানে বেশ কিছু শাস্ত্রীয় ও ধ্রুপদি গান পরিবেশন করা হচ্ছে। এর মধ্যে আবার এলো যে সন্ধ্যা, মেঘলা দিনে এবং আকাশ এতো মেঘলা যেও না তো একলা উল্লেখযোগ্য। বর্তমান সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মিউজিক অ্যাসোসিয়েশনের সাবেক সদস্যরাও এতে অংশ নিয়ে গান পরিবেশন করছেন। সব মিলিয়ে দর্শক-শ্রোতারা অনুষ্ঠানটি বেশ উপভোগ করছেন।
মিউজিক অ্যাসোসিয়েশন কুহরণ-এর সভাপতি জারিন তাসমিন পুষ্প বলেন, সম্প্রতি সংগঠনে যুক্ত হওয়া নবীন সদস্যদের বরণের পাশাপাশি আমাদের প্রাক্তন সদস্যদের সঙ্গে তাদের পরিচয় ও সুসম্পর্ক তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নবীন ও প্রাক্তন সদস্যদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়। এখন চারদিকে বৃষ্টি ও মেঘের আবহ চলছে। সে বিষয়টি মাথায় রেখেই অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে মেঘ ও সন্ধ্যার গান। অনুষ্ঠানে আগমনী গান, বৃষ্টির গান, মেঘের গান ও সন্ধ্যার গান পরিবেশন করা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































