ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কবে তাদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন বা আদেশ জারি করা হবে, তা নিয়ে স্পষ্ট তথ্য নেই কারও কাছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। আমরা চাই, শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান। এজন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। হয়তো কিছুটা দেরি হবে। তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন, এটা নিশ্চিত।
সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে তারা তিন মাসের বকেয়া বেতন পেতে পারেন। তবে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন কার্যকরের বিষয়ে এখনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ হয়নি।
আরও পড়ুন<<>>অনশনে গেলো বিসিএস গেজেট বঞ্চিতরা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার আদেশ জারি করবে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ। তবে অর্থ বিভাগ সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ জানাতে পারছে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির তথ্যমতে, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছে। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
নতুন পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া ভাতার পরিমাণ বাড়বে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাচ্ছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































