ছবি: আপন দেশ
শিক্ষাছুটির নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি)।
রোববার (২৮ জুন) এ সংক্রান্ত একটি অফিস আদেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরে প্রকাশ করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করা এসব শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন-ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম ও আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার, প্রভাষক মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশার ও উপমা দাস। এ ছাড়া পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকলী খাতুন, সিএসই বিভাগের প্রভাষক ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবব্রত পাল এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমানও রয়েছেন এ তালিকায়।
আরও পড়ুন<<>>বাকৃবিতে শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ
অন্য শিক্ষকেরা হলেন-লোকপ্রশাসন বিভাগের মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের তাসনিয়া নাহিয়ান জুলফিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধরা তাহ্সিন, এসিসিই বিভাগের ফারজানা ইয়াসমিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. উজ্জল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাবিয়া খাতুন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষাছুটিকালীন বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করা যাবতীয় অর্থ বিধি মোতাবেক ফেরত দিতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































