Apan Desh | আপন দেশ

ন্যাশনাল ব্যাংক ফিরছে পূর্ণ গতিতে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৪০, ৮ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ব্যাংক ফিরছে পূর্ণ গতিতে

ছবি: আপন দেশ

আবারও পূর্ণ গতিতে গ্রাহকসেবায় ফিরছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা আগামী ১৫ অক্টোবর থেকে গ্রহণ করতে পারবেন।

গ্রাহকরা দেশের সকল শাখা ও এটিএম বুথ থেকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। একই দিন থেকে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সকল ডিজিটাল ও অনলাইন সেবা পূর্ণমাত্রায় চালু হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি জনআস্থা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সকল আমানতকারীর চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। 

আরও পড়ুন<<>>চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সকল শাখা ও এটিএম বুথ থেকে গ্রাহকদেরকে তাদের চাহিদা অনুযায়ী সকল ব্যাংকিং সেবা প্রদানের নির্দেশনা দেয়া হয়।

চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন গভর্নরকে জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের ফলে ন্যাশনাল ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনও আনা হয়েছে।

চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় ন্যাশনাল ব্যাংক আবারও পূর্ণ গতিতে গ্রাহকসেবায় ফিরছে। দীর্ঘ সময় ধরে যেসব গ্রাহক ধৈর্য ধরে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। খেলাপি ঋণ আদায়ে আমরা সব সময়ই কঠোর অবস্থানে ছিলাম। আগামীতেও কোনো খেলাপিকেই ছাড় দেয়া হবে না। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, ১৫ অক্টোবর থেকে সেবা নির্বিঘ্ন রাখতে সকল শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়