প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্টদের নিয়ে কেক কাটছেন কোম্পানির সিইও এস এম নুরুজ্জামান। ছবি সংগৃহীত
প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ২০১৩ সালের ১১ আগস্ট বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে বিমা কোম্পানিটি।
মঙ্গলবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, গত ১৩ বছরে গ্রাহকদের প্রায় ৪৭ কোটি টাকার বিমা দাবি ও অন্যান্য সুবিধা পরিশোধ করা হয়েছে।
এর মধ্যে ৩৬৮টি মৃত্যুদাবি, ৪ হাজার ২৬৮টি গ্রুপ ও হাসপাতাল বিমা দাবি এবং ১ হাজার ১৫২টি মেয়াদোত্তীর্ণ বিমা দাবি রয়েছে। এ ছাড়া সার্ভাইভাল বেনিফিট (এসবি) ও সমর্পণমূল্যের অর্থও পরিশোধ করা হয়েছে।
মৃত্যুদাবি ছাড়া অন্যান্য অর্থ বিইএফটিএনের মাধ্যমে পরিশোধ করা হয় বলে জানিয়েছে কোম্পানিটি।
বর্তমানে ছয়টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিমা সেবা দিচ্ছে জেনিথ ইসলামী লাইফ। এ ছাড়া বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও কোম্পানিটির বিমা সেবার আওতায় রয়েছে।
কোম্পানির কার্যক্রম ও গ্রাহকসেবায় এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।
জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদে তৈরি পোশাক, ব্যাংক, লিজিং, শিপিং, গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয় খাতের উদ্যোক্তারা রয়েছেন। শেয়ারহোল্ডারদের মধ্যে একটি লাইফ বিমা ও একটি নন-লাইফ বিমা কোম্পানিও রয়েছে।
প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী এবং আমাদের কর্মীদের আন্তরিক সহযোগিতায় আমরা এ সাফল্য অর্জন করেছি। আগামী দিনে সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































