ফাইল ছবি
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ অর্থবছরে দেশে এসেছে মোট ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (০১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আগের অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২৯ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৭.৩ শতাংশ। তবে পুরো অর্থবছরের এ ইতিবাচক চিত্রের বিপরীতে জুন মাসে রেমিট্যান্সে সামান্য পতন দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন ২০২৬-এ দেশে এসেছে ২ দশমিক ৮০৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের ২ দশমিক ৮২৩ বিলিয়ন ডলার থেকে ০.৬ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুন ব্যাংক হলিডে থাকায় ১১টি ব্যাংকের তথ্য প্রাথমিক হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। ফলে জুন মাসের চূড়ান্ত হিসাব আরও কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু
বছরজুড়ে ঊর্ধ্বমুখী প্রবাহ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রায় প্রতিটি মাসেই রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের বেশি ছিল। জুলাইয়ে আসে প্রায় ২.৪৮ বিলিয়ন ডলার, আগস্টে ২.৪২ বিলিয়ন, সেপ্টেম্বরে ২.৬৯ বিলিয়ন, অক্টোবরে ২.৫৬ বিলিয়ন, নভেম্বরে ২.৮৯ বিলিয়ন এবং ডিসেম্বরে ৩.২২ বিলিয়ন ডলার।
নতুন বছরের শুরুতেও এ ধারা অব্যাহত থাকে। জানুয়ারিতে আসে ৩.১৭ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ৩.০২ বিলিয়ন, মার্চে ৩.৭৫ বিলিয়ন, এপ্রিলে ৩.১২ বিলিয়ন এবং মে মাসে ৩.৪৩ বিলিয়ন ডলার। মার্চ মাস ছিল অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের মাস।
জুনের প্রাথমিক হিসাব যুক্ত করে অর্থবছরের মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩৫.৫৬২ বিলিয়ন ডলার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































