নিহত সুমন মন্ডল ও তার বেঁচে যাওয়া শিশুকন্যা সাফিয়া
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছে তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে বসবাস করছেন। সকালে সাড়ে তিন বছর বয়সী ছোট্ট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হয়েছিলেন তিনি। পথেই হঠাৎ বজ্রপাত হয়, প্রচণ্ড আঘাতে কোল থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট সাফিয়া, আর মাটিতে লুটিয়ে পড়েন বাবা সুমন।
আরও পড়ুন<<>>কেশবপুরে মেয়ের হাতে মা খুন
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























